হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

নিউজ ডেস্ক:

হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহতের ঘটনা ঘটেছে। আর এরপরই রোববার ওই দুই অঞ্চল চোলোমা ও সান পেড্রো সুলেতে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরান সরকার দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলায় ঘটনায় রাতের আঁধারে ২০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দু’টি শহরে রোববার কারফিউ জারি করেছে।

পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানান, অস্ত্রধারীরা শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে গুলিবর্ষণ করলে ১৩ জন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। এ ছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। ৪ জুলাই থেকে এ কারফিউ কার্যকর হবে।

জিওমারা কাস্ত্রো বলেন, সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তারে সাহায্য করতে ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার দেবে।

সূত্র : রয়টার্স

  •  
  •  
  •  
  •