তীব্র গরমে মাটিতে ডিম ভাজি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে সাম্প্রতিক তীব্র-তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেশটির তেলেঙ্গানা অঙ্গরাজ্যেই মারা গেছেন ৩৫ জন। তেলেঙ্গানাসহ আরো আট অঙ্গরাজ্যে আগামী কয়েক দিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে বলে সতর্ক করে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

ইতোমধ্যে তেলেঙ্গানায় তাপমাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যার বাস্তব প্রতিফলন দেখা যায়, রাজ্যের করিমনগরের এক বাড়িতে। যেখানে একজন নারী বাড়ির মেঝেতে ডিম ভাঁজলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, ওই নারী ডিম ভেঙে প্রয়োজনীয় সব উপাদান মিশিয়ে বাড়ির মেঝেতে ঢেলে দিয়েছেন, কিছুক্ষণ পরে তা একটি চামচের সহায়তায় উল্টে দেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের তাপ ছাড়াই ভাজা হয়ে যায় ডিম।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এএনআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার বিভিন্ন অংশে কয়েকদিন ধরেই তীব্র তাপ-প্রবাহ চলছে। শনিবার এই রাজ্যে তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রি।

ভারতীয় আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচদিন তেলেঙ্গানায় শুষ্ক আবহাওয়ার সঙ্গে ৪০-৪৫ ডিগ্রি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। রাজ্যের নিজামাবাদ জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভয়াবহ তাপপ্রবাহের কারণে রাজ্যের সব স্কুল ১৬ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •