ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে নিহত ২০
নিউজ ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকাডুবিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।
ভিক্টোরিয়া হ্রদে ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।
বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।
আল জাজিরা বলছে, ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।
ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে অনেক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী নেওয়া এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে।

