ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান-আফগানিস্তান
নিউজ ডেস্ক:
ভারত-পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তৃত এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পনটি আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো দেশেই হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
শনিবার রাত ১১ টার দিকে এই ভূমিকম্প হয় উল্লেখ করে ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়েছে। হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এই ভূমিকম্পের উত্তপত্তিস্থল। আরও নির্দিষ্ট করে বললে, হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এটি উৎপত্তি ঘটেছে বলে আমরা ধারণা করছি।’
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ভূপৃষ্ঠের ১৯৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। দেশটির রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে।

