রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭
নিউজ ডেস্ক:
রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, মাখাচকালা শহরের একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে।
কমিটি জানায়, ‘গাড়ি মেরামতের কাজ চলাকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় পাশের বিভিন্ন ভবন এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে দাগেস্তান সরকার এই মর্মান্তিক ঘটনায় ১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করেছে।

