তিস্তার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ২৩ ভারতীয় সেনা

নিউজ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যার পানির তোড়ে বুধবার (৪ অক্টোবার) ভোরে নিখোঁজ হয়েছে ভারতীয় সেনারা। এছাড়া বন্যায় এই পার্বত্য উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক লেক পানি ভর্তি হয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে এমনতিতেই তিস্তার পানির স্তর বেড়ে যায়। এরপর ‘চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশ্যে পানি ছাড়া হয়। এতে তিস্তার পানির স্তর আরো বেড়ে যায়।

বাঁধ খুলে দেওয়ার পর সেখানে পানি স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় ২৩ সেনা সদস্য। সেখানকার কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

  •  
  •  
  •  
  •