বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের বুকার প্রাইজ বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।

বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল গতকাল বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে।

‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।
অরবিটাল গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়। ১৬ সেপ্টেম্বর বইটি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এরপর থেকে এটির বিক্রি বেড়ে গেছে।

পুরস্কার হিসেবে লেখক সামান্থা হার্ভে ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার মার্কিন ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পেয়েছেন। তিনি বলেছেন, ‘এই পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি এটি আশা করিনি।’

তিনি এই পুরস্কারটি সেসব মানুষদের জন্য উৎসর্গ করেছেন যারা শান্তি, মানবতা এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলেন, কাজ করেন এবং আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে সালমান রুশদি, কাজুও ইশিগুরো, মার্গারেট অ্যাটউড, অরুন্ধতী রায়ের মত লেখকেরা মর্যাদাবান এ পুরস্কারটি পান।

সূত্র: দ্য গার্ডিয়ান

  •  
  •  
  •  
  •