পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতায় আবারো মমতা

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয়বারের মতো রাজ্য ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গণনা শেষে ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলে তার দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে। ৫৪ বছর পর কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় আসলো।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের ‘জোড়াফুল’ পেয়েছে ২১৪টি আসন। কংগ্রেসের ৪৫ আর বামফ্রন্টের ২৮ আসন মিলিয়ে বিরোধী জোটের সংগ্রহ ৭৩টি। আর কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি বাংলায় পেয়েছে সাতটি আসন। গত বিধানসভা নির্বাচনে সব আসনেই হেরেছিল বিজেপির প্রার্থীরা।

প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে, তৃণমূল পেয়েছে ৪৬.১% ভোট। বাম-কংগ্রেসের জোট পেয়েছে ৩৬.৭%। এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ১০.৪% ভোট। অন্যান্য দল পেয়েছে ১০%।

এদিকে জয়ের খবর পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘জনগণই গণতন্ত্রের কান্ডারি। মানুষ নির্ভীক ও নিরপেক্ষভাবে নিজের ভোট দিয়েছেন। সাধারণ মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা।’ নির্বাচন কমিশনকে তিনি ধন্যবাদ জানান। একইসঙ্গে দলের কর্মীদের সংযত থাকতে বলেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘মমতাজির সঙ্গে কথা হয়েছে। অসাধারণ এই জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’

এরপরেই তিনি জানিয়েছেন, ‘রাজ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার জন্য তার প্রতি শুভ কামনাও রইল।’

জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে এক সংবাদ সম্মেলনে মমতা ঘোষণা করেন, মে মাসের বাকিটা সময় রাজ্যে ‘সাংস্কৃতিক ও সামাজিক বিজয়োৎসব’ চলবে।

  •  
  •  
  •  
  •  

Tags: