ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবোঝাই পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শতাধিক শরণার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার প্রথম নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ওই নৌকায় ৬৫০ জন আরোহী ছিল। ডুবে যাওয়ার সময় ওই নৌকাটির ভিডিও ও ছবি গণমাধ্যমে প্রচারিত হয়।

ইতালিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দ্য গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া যাত্রীরা মাস্তুলে থাকা শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। ইতালি সরকার প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইতালির নৌবাহিনী ডুবে যাওয়া নৌকাটি থেকে ৫৬০ জনকে উদ্ধার করতে পেরেছে।

এরপর গতকাল বৃহস্পতিবার ভূমধ্যসাগরে আরও একটি শরণার্থীবাহী নৌকা ডুবে যায়। এতে ওই নৌকার ৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী।

এর আগে গত মঙ্গলবার আরও একটি শরণার্থীবাহী নৌকাডুবিতে এক মেয়েশিশুর মা-বাবা মারা যান। শিশুটি অনাথ হয়ে পড়ে।

গত বছরের এপ্রিল মাস থেকে একের পর এক নৌকাডুবিতে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: