টিউলিপকে সিদ্দিককে হত্যার হুমকি!
আন্তর্জাতিক ডেস্ক:
হিজাব না পড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হত্যার হুমকি দিয়েছে এক ব্যক্তি। ইংরেজি দৈনিক দ্য সানডে টাইমসকে এ কথা নিজেই স্বীকার করেছেন টিউলিপ। তবে ওই হুমকিদাতার পরিচয় এখনো জানা যায়নি।
টিউলিপ জানান, সুযোগ পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ আসন থেকে আগামী সাধারণ নির্বাচনে তার মতো কোনো নারী প্রার্থীকে আর ভোট দেয়া হবে না বলেও ওই হুমকিতে উল্লেখ করা হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই একটি চক্র অনলাইনে তাকে নানা হুমকি ও বাজে মন্তব্য করছে। তবে হত্যার হুমকি এবারই প্রথম। অনলাইনের এই হুমকিতে বলা হয়, আপনি হিজাব পরেন না কেন? আমি যদি পারি তবে আপনাকে হত্যা করব।
এ ধরনের হুমকি নিয়ে খুবই বিব্রত বোধ করছেন টিউলিপ। শুধু হুমকিই নয় ব্রিটিশ পার্লামেন্টে বসার একবছরের মধ্যে সন্তানের মা হওয়ায় তার দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই তাকে উদ্দেশ্য করে বলছেন, কী করবেন সিদ্ধান্ত নিন। সংসদ সদস্য হবেন নাকি মা। এক সঙ্গে তো আর দু’টো দিক সামলানো যায় না।

