বাল্যবিয়ে বন্ধের জের ধরে ইউপি মেম্বারের উপর হামলা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিয়ে বন্ধের জের ধরে মো. সাইদুর রহমান ওরফে সাইদার (৪০) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যের (মেম্বার) উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে বর্তমান মেম্বার রেজাউল শেখের বিরুদ্ধে।

সাদুল্যাপুর উপজেলার ভাতগাম ইউনিয়ন পরিষদের সামনে পচারবাজারের একটি বেকারীর পাশে সোমবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গুরুত্বর আহত সাইদুর রহমান সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সাইদুর রহমান সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য (মেম্বার)।

স্থানীয়রা জানান, ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দরুহিয়া গ্রামের আবুল মিয়ার ১৩ বছরের মেয়ের সোমবার বিকেলে বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সাদুল্যাপুর থানার (এসআই) তাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। এরপর ইউপি মেম্বার সাইদুর রহমান সন্ধ্যার দিকে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে বাজারের একটি বেকারীর পাশে বসে ছিলেন। হঠাৎ করে বাল্যবিয়ে বন্ধের জের ধরে বর্তমান ইউপি মেম্বার রেজাউল শেখ ও তার সঙ্গে থাকা আনোয়ারুল, জিল্লু, নান্নুসহ ১০-১২ জন সাইদুরের উপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এসময় তারা সাইদুরের পকেটে থাকা নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর অবস্থায় সাইদুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সাইদুর রহমান জানান, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে রেজাউল তার উপর ক্ষিপ্ত ছিল। বিভিন্ন সময় তিনি হুমকিও দিয়ে আসছিলেন। বাল্যবিয়ে বন্ধের জের ধরে লোকজন নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তবে অভিযুক্ত রেজাউল শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

  •  
  •  
  •  
  •