গুলশান-শোলাকিয়ায় নিহত ৪ পুলিশ পরিবারকে আর্থিক অনুদান

জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস‌্যের পরিবারকে বাহিনীর পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে নিহতদের পরিবারের সদস‌্যদের হাতে অনুদানের নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

পুলিশের পক্ষ থেকে রবিউলের মা করিমন্নেছাকে ৫ লাখ ও স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ, সালাউদ্দিনের স্ত্রী রেমকিমকে ২০ লাখ, আনসারুলের স্ত্রী নুরুন্নাহারকে ৫০ হাজার নগদসহ সাড়ে সাত লাখ ও মা রাবেয়া আক্তারকে ৫০ হাজার নগদসহ সাড়ে ৭ লাখ এবং জহিরুলের মা জোবায়দা খাতুনকে নগদ অর্থসহ ১৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

এ ছাড়া মধুমতি ব‌্যাংকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সেখানে অভিযানে গিয়ে প্রাণ হারান ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। ছয়দিনের মাথায় শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলায় মারা যান কনস্টেবল আনসারুল হক ও জহিরুল হক।

  •  
  •  
  •  
  •