গাইবান্ধায় নৈশ্য কোচ খাদে, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্য কোচ খাদে পড়ে দুখু মিয়া (২৭) ও মোরশেদা বেগম (২২) নামে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও ১৫ যাত্রী।

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় সোমবার ভোরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুখু মিয়া ফুলছড়ি উপজেলার আহম্মেদ আলীর ছেলে ও মোরশেদা বেগম সদর উপজেলার খামারপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে একটি রিজার্ভ নৈশ্য কোচ নিয়ে ৫০-৬০ জন যাত্রী গাইবান্ধায় আসছিলেন। সোমবার ভোর রাতে কোচটি ডাকঘর এলাকায় পৌঁছিলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোরশেদা ও হাসপাতালে নেওয়া পথে দুখু মিয়ার মৃত্যু হয়। এসময় কোচটিতে থাকা শিশুসহ আরও ১৫ যাত্রী আহত হন।

এদিকে, বাসে থাকা যাত্রীদের অভিযোগ কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নবিউল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোচটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •