নাটোরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নলডাঙ্গায় লছিমনের চাপায় আলিফ নামে এক শিশু ও বড়াইগ্রামের নগর ইউনিয়নের আটাই গ্রামে সাপের দংশনে আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আলিফ ব্রহ্মপুর বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ীতে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি লছিমন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আলিফ উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ও ব্রহ্মপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্যালো ইঞ্জিন চালিত লছিমনের চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে।

অপরদিকেবড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে খাওয়া দাওয়া শেষে আলম হোসেন তার ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে আলম হোসেনের পায়ে সাপ দংশন করলে সে চিৎকার শুরু করে। এসময় তার স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। সকাল পর্যন্ত ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আলম হোসেনের মৃত্যু হয়। নিহত আলম হোসেন উপজেলার নগর ইউনিয়নের আটাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

  •  
  •  
  •  
  •