লালপুরে বিদেশী পিস্তুল ও ম্যাগজিনসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে অস্ত্র ব্যবসায়ী তৌহিদের বাড়ীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল ও ২টি ম্যাগজিন সহ ১জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশ জানায় , বুধবার গভীর রাতে উপজেলার নুরুল্লাপুর গ্রামের মাদক ও অস্ত্র ব্যবসায়ী তৌহিদের বাড়ীতে অস্ত্র বিক্রি হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের নেতৃত্বে পুলিশের একটি দল তৌহিদের বাড়ী ঘিরে ফেলে। ওই সময় তৌহিদের সহযোগী নুরুল্লাপুর গ্রামের মৃত হারান মোল্লার পুত্র ভ্যান চালক শরিফুল ইসলাম (২৫) কে গোপন স্থান থেকে ১টি বিদেশী পিস্তুল ও ২টি ম্যাগজিন নিয়ে তৌহিদের বাড়ীতে প্রবেশের সময় ছদ্মবেশী পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের ৪ মামলার আসামী অস্ত্র ব্যবসায়ী তৌহিদ বাড়ীর ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। অস্ত্রসহ শরিফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, আমি নিজে এ অভিযানে নেতৃত্ব দিয়েছি। তৌহিদ লালপুর থানার ৪টি মাদক মামলার আসামী। যে কোন মূল্যে তাকে গ্রেফতার করা হবে।

  •  
  •  
  •  
  •