নিখোঁজের তিনদিন পর স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
নিখোঁজের তিন দিন পর নাটোরের বাগাতিপাড়ার স্বর্ণ ব্যাবসায়ীর সাধন কর্মকারের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে মোবাইল ফোনে খবর পেয়ে রাজশাহীর বাঘা থানার রেল লাইনের পাশ থেকে পরিবারের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। নিহত সাধন বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামের নন্দলাল কর্মকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাজশাহীর বাঘা থানার আড়ানী বাজারস্থ তার স্বর্ণের দোকান ‘লিপি জুয়েলার্সের মালিক সাধন কর্মকার গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়ার বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে। বার বার মোবাইল করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর এক পর্যায়ে সোমবার সকালে সাধনের স্ত্রী আবারও তার মোবাইল ফোনে কল দিলে ফোন খোলা পান। এ সময় অজ্ঞাত এক ব্যাক্তি ফোন রিসিভ করে তাকে জানায় যে, ‘সাধনের লাশ রাজশাহীর বাঘা থানার ঝিনা এলাকার রেল লাইনের পাশে পড়ে আছে, এসে নিয়ে যান।’ খবর পেয়ে সাধনের পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
সাধনের পরিবারের লোকজন জানায়, নিহত সাধনের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত সাধনের ভাতিজা সৌমেন কর্মকার জানান, তার কাকা সাধন কর্মকার নিখোঁজ হওয়া পর রবিবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। তিনি জানান, কাকার সাথে তার প্রতিপক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
বাগাতিপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেহেতু ঘটনাটি রাজশাহীর বাঘা থানা এলাকায় সেজন্য বাঘা থানাতেই মামলা দায়ের করতে হবে।

