গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি:
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় রায়হান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

পলাশবাড়ী উপজেলার কোমরপুর বাজার এলাকায় সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

রায়হান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। রায়হান আলী একজন মটর পরিবহন শ্রমিক ছিলেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ের মায়ামনি হোটেলের সামনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে পড়লে যাত্রী সাধারণ দূর্ভোগে পড়েন। পরে প্রশাসনের সুষ্ঠ বিচারের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বগুড়া থেকে আসা গাইবান্ধাগামী ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহন নামে বাস গোবিন্দগঞ্জ আসে। এ সময় গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন চৌমাথা মোড়ে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাতে থাকে। বাসটি কোমরপুর বাজার এলাকায় পৌঁছিলে মহাসড়কের উপর থাকা শ্রমিক রায়হান আলী বাসটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক রায়হানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রায়হানের।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহনের মালিক ও চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত রায়হানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য- গাইবান্ধা-বগুড়া ও গাইবান্ধার সকল রুটে বাস চলাচল নিয়ে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে গোবিন্দগঞ্জ পরিবহন মালিকের অভ্যন্তরীন কোন্দল চলছিল। কোন্দলের জের ধরে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিহবন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

  •  
  •  
  •  
  •