সিংড়া থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
মহাসড়কে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদ এবং সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডলকে প্রত্যাহারের দাবীতে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে সিংড়ার বালুয়া-বাসুয়া গ্রামের এলাকাবাসীরা। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

এলাকাবাসীরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে সিংড়া থানা পুলিশ এবং জেলা পুলিশের একটি দল নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়ার চলনবিল গেটের সামনে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ সহ আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেল পুলিশ মামরা না দিয়ে আটক করে। পরে ক্ষিপ্ত হয়ে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় মহাসড়কে পুলিশের চাঁদাবাজি এবং ওসি নাসির উদ্দিন মন্ডলের প্রত্যাহারের দাবী জানায় তারা। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে আধা ঘন্টাপর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে সিংড়া থানা পুলিশ অভিযানের নামে গাড়ী থেকে চাঁদাবাজি তুলে আসছে। শুক্রবার সকালে পৌরসভার এক ট্যাক্স কর্মকর্তার হেলমেট না থাকায় গাড়ী ধরে। এসময় টাকা না দিলে গাড়ী আটক করা হবে এমন কথা বলে পুলিশ সদস্যরা। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সিংড়া থানা পুলিশ এবং জেলা পুলিশের একটি দল মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। এসময় দলীয় কিছু নেতা-কর্মীর মোটরসাইকেল আটক করায় তারা অবরোধ করে।

ওসি আরো বলেন, কিছু স্বার্থনেষী মহলের স্বার্থে আঘাত লাগার কারনে তারা অবরোধ করে। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছে।

  •  
  •  
  •  
  •