মজুরী বৃদ্ধির দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের ৭ কৃষি খামারে বিক্ষোভ
নাটোর ও লালপুর প্রতিনিধি:
নর্থ বেঙ্গল সুগার মিলের ৭টি কৃষি ও বানিজ্যিক খামারের দৈনিক হাজিরার প্রায় ৭ শতাধিক শ্রমিক মজুরী বৃদ্ধির দাবিতে পৃথক পৃথক ভাবে মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। কৃষ্ণা খামারের শ্রমিকরা বিক্ষোভ চলাকালে নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) রাকিবুর রহমান খান সহ অন্যান্য কর্মকর্তাদের প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা, মুলাডুলি, নরেন্দ্রপুর, বড়াল, নন্দা, ভবানীপুর এবং মহিষ বাথান কৃষি ও বানিজ্যিক খামারের দৈনিক হাজিরার পাহারাদার ও দক্ষ শ্রমিকরা মজুরী বৃদ্ধি, নৈশ ভাতা বৃদ্ধি ও সপ্তাহে ৭ দিন কাজের দাবিতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এক যোগে খামার সমূহের অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।
নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের শ্রমিকেরা জানান, সাধারণ শ্রমিকের মজুরী বাড়লেও দৈনিক হাজিরার পাহারাদার ও দক্ষ শ্রমিকের মজুরী বাড়ানো হয় নি। তারা মাত্র প্রতিদিন ১৬৫ টাকা মজুরীতে কাজ করছেন। এছাড়া সপ্তাহের ৩/৪ দিনের বেশি কাজ পাওয়া যায়না। আবার প্রতি সপ্তাহে মজুরী দেওয়ার সময় রাজস্ব টিকিটের নামে ১০ টাকা করে মাসে ৪০ টাকা কেটে নেওয়া হয়। অথচ মিলের কর্মকর্তা ও অন্যান্য শ্রমিকদের মাসে রাজস্ব টিকিটে ১০ টাকার বেশি কাটা হয় না। নৈশ ভাতা দেওয়া হয় মাত্র ৫ টাকা যা অমানবিক।
এ ব্যাপারে কৃষ্ণা খামারের সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুজ্জামান বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া গুলো লিখিত আকারে দিলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে কর্মবিরতির বিষয়টি মোবাইল ফোনে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) খামার শ্রমিকদের আন্দোলনের ঘটনার সত্যতা শিকার করেন।

