ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন, ঢাকায় আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি:

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্প ও তার স্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানা​ই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয় যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। আমি আশা করি, আপনার নেতৃত্বে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে আমি উন্মুখ এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে অবদান রাখতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।’

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে আপনাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে, আপনারা এসে তা দেখতে পাবেন।’

৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৮৮টি গেছে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি।

  •  
  •  
  •  
  •  

Tags: