বর্জ্য ফেরত না নিলে রূপপুর পারমাণবিক প্রকল্প বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক :

রাশিয়া তেজস্ত্রিয় বর্জ্য ফেরত না নিলে রূপপুর প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে সর্বজন বিপ্লবী দল। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

দলের সদস্য সচিব ও সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ত্রিয় জ্বালানি বর্জ্য (স্পেন্ট ফুয়েল) রাশিয়ার ফেরত নেওয়ার কথা ছিল। অথচ এখন এ বিষয়ে রাশিয়া বলছে তারা তেজস্ত্রিয় বর্জ্য ফেরত নেবে না। এই নেওয়া না নেওয়ার অনিশ্চয়তায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প নির্মাণ ও চালুর সিদ্ধান্তে দেশের সচেতন মহল বহু আগ থেকেই তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এখন সরকারের এই উদ্বিগ্নতায় দেশের সব শ্রেণি-পেশার মানুষ আজ উদ্বিগ্ন ও হতাশ।

তুসার রেহমান বলেন, রূপপুর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১ হাজার কোটি টাকা। জেনে বুঝে স্থায়ী বিপদের ন্যায় এমন একটি ব্যয়বহুল ও অত্যন্ত বিপদজনক প্রকল্প হতে দেব না।

সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, রাশিয়া তেজস্ত্রিয় বর্জ্য ফেরত না নিলে রূপপুর প্রকল্প এখনই বাতিল করতে হবে। রূপপুর প্রকল্পের বিষয়ে দুই দেশের সাধারণ চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদের ২ নম্বরে বলা হয়েছে, আলাদা একটি চুক্তিতে উভয়পক্ষ যেসব শর্তে একমত হবে, সেই অনুযায়ী তেজস্ত্রিয় জ্বালানি ফেরত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, খসড়া চুক্তি নিয়ে উভয়পক্ষের আলোচনায় বাংলাদেশ তার আগের অবস্থান বজায় রাখলেও রাশিয়ার অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। রাশিয়ার বর্তমান অবস্থান হচ্ছে, তেজস্ত্রিয় জ্বালানি বর্জ্য পরিবহন যোগ্য হওয়ার পর রাশিয়া তা নিয়ে পরিশোধন করবে। এরপর তা বাংলাদেশে ফেরত পাঠাবে এবং তারপর থেকে বাংলাদেশকেই সংরক্ষণ করতে হবে।

সংবাদ সম্মেলনে লেখক মাজহারুল ইসলাম বাবলা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিয়া আক্তার রিতাসহ সংগঠনের অন্যান্য সদস্য ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: