কুড়িগ্রামের সাংবাদিকের উপর হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার ছেড়া ও কর্মীদের মারপিটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকতকে পিটিয়ে গুরুত্ব আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজারহাট থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার দুপুরে রাজারহাট প্রেসক্লাবের সভাপতি লতিফ মির্জার সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
জেলার রাজারহাট উপজেলা সদরের মটর শ্রমিক অফিস এলাকায় গত সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি পনির উদ্দিন আহমেদের দুই কর্মী আঃ জলিল ও আল আমিন পোষ্টার লাগাতে যায়। এসময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীর সমর্থকরা ঐ দুই কর্মীকে মারপিট করে তাদের কাছ থেকে কাপ-পিরিচ প্রতীকের পোষ্টার ছিনিয়ে নেয়। এ ঘটনায় দৈনিক করতোয়া ও যায়যায়দিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি প্রহলাদের একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৈনিক করতোয়া ও যায়যায়দিনের রাজারহাট উপজেলা অফিসে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেল, আকাশ, জাহেদুলসহ কয়েকজন সাংবাদিক প্রহলাদ মন্ডলের উপর হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। সে এখনো চিকিৎসাধীন রয়েছে।
গত মঙ্গলবার সাংবাদিক প্রহলাদ মন্ডলের বড় ভাই বিশ্বজিৎ কুমার মন্ডল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজারহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমরা সাংবাদিক প্রহলাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মামলায় উল্লিখিত আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মীর্জা বলেন, আমরা প্রেস ক্লাবে জরুরী সভা ডেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে। আমরা সুষ্ঠ বিচার দাবী করছি।

