তানোরে ট্রাক চাপায় শিক্ষা কর্মকর্তা নিহত: উপজেলা প্রশাসনের ৩ দিনের শোক

তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে এক প্রাথমিক বিদ্যালয় অডিট শেষে কর্মস্থলে মোটরসাইকেলযোগে ফেরার পথে ট্রাকের নিচে পড়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম(৩৮) নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড়ে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আক্কাস আলী (৩৯) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষা কর্মকর্তার দেশের বাড়ির কুমিল্লা জেলায়।
তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম প্রতিবেদকে জানান, উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষা কর্মকর্তা মাকসুদা উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। পথে দেবিপুর মোড়ে নির্মাণাধীন রহমান হিমাগারের সামনে মেইন রাস্তার ধারে রাখা বালুতে স্লিপ করে মোটরসাইকেল থেকে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-১৪-১২৫৬) নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম। আর গুরুতর আহত মোটর সাইকেলের চালক শিক্ষক আক্কাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, নিহত শিক্ষা কর্মকর্তা মরদেহ উদ্ধার করে রামেকের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ট্রাক ও তার চালক বাবু নামে একজনকে আটক করা হয়। এ ব্যপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এদিকে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে বলে প্রতিবেদকে জানান উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী। আগামীকাল(আজ) সোমবার শোক সভা ও দোয়া মাহফিল করা হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •