মেয়রের গুলিতে আহত সাংবাদিক শিমুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের দু’পক্ষের নেতা-কর্মীদদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে ঢাকায় আনার পরে মারা গেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

স্থানীয় সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছিলেন আবদুল হাকিম শিমুল। সংঘর্ষের সময় তার মাথা ও মুখে গুলি লাগে। তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হওয়ায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরাও। সংঘর্ষের পরই পুলিশ পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগান জব্দ ও তার ছোট ভাই পিন্টুকে আটক করেছে।

  •  
  •  
  •  
  •