বগুড়ার সান্তাহারে দেশের প্রথম মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নওগাঁ প্রতিনিধিঃ
রোববার দুপুর ১২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে বগুড়া সান্তাহারে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপর দেশের প্রথম মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস উদ্বোধন শেষে সান্তাহার সাইলোর রেস্ট হাউসে তিনি দুপুরের খাবার খান। সেখানে টাকি মাছ ও কালোজিরা ভর্তা দিয়ে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৫ হাজার টন ধারণক্ষমতার অত্যাধুনিক বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম (মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস) উদ্বোধন করতে রোববার দিনভর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিংহভাগ অর্থায়নে খাদ্যগুদামটি নির্মিত হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
এছাড়া বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই সময়ই বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের শুভসূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার সান্তাহার, আদমদীঘি, দুপচাঁচিয়া, নওগাঁ, কাহালু, জয়পুরহাটের আক্কেলপুরে পড়েছে সাজ সাজ রব। সড়কে ব্যানার, পোস্টার, ফেস্টুন টানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরা হয়েছে।
সান্তাহারের যে সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাবেন সে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দলীয় তোরণ। পাঁচ শতাধিক তোরণ ছাড়াও কয়েক হাজার ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।


