খামারবাড়িতে কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা অনুষ্ঠিত
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু:
কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা (বৈশাখ-আষাঢ় ১৪২৪) অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএই`র মহাপরিচালক কৃষিবিদ মো. মনজুরুল হান্নান ও বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের পরিচালক শাহনাজ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি তথ্য সার্ভিস এর উপ পরিচালক ড. জাহাঙ্গীর আলম।
সভায় বাংলা ১৪২৪ সনে আগামী ৩ মাস গণমাধ্যমে প্রচারের জন্য বিশেষ করে বেতার ও টেলিভিশনের জন্য কৃষির কোন কোন বিষয়গুলো দেশের সার্বিক কৃষি উন্নয়নের উদ্দেশে অন্তর্ভূক্ত থাকবে, সেগুলো নির্ধারণে সভায় সরকারের ৮টি মন্ত্রণালয়ের প্রায় ৪০টি সংস্থার মিডিয়া ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতার পর ত্রৈমাসিক প্রান্তিক সভার কার্যক্রম শুরু হয়। কৃষিতে লাগসই ও যথোপযুক্ত তথ্য প্রযুক্তি প্রচার ও প্রসারের লক্ষ্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সভা। শুধু বেতারভিত্তিক কার্যক্রম হিসেবে থাকলেও ২০০০ সাল থেকে এটি কৃষি মিডিয়াভিত্তিক কমিটি হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের ৮টি মন্ত্রণালয় (কৃষি, তথ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ ও বন, শিক্ষা ) এর আওতাধীন প্রায় ৪০টি সংস্থা এ কমিটির সদস্য; সরকারি ও বেসরকারি কৃষি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এ কমিটির সদস্য হিসেবে কাজ করেন। এ সব মন্ত্রণালয় ও বিভাগের বিশেষজ্ঞবৃন্দ প্রাজ্ঞব্যক্তি হিসেবে মিডিয়াভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।
প্রতিসংস্থার ১জন আগ্রহী, যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা তাঁর সংস্থার ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করেন; প্রতি ৩ মাস পরপর এ প্রান্তিক সভা অনুষ্ঠিত। প্রতিবার বিভিন্ন সংস্থার প্রস্তাবনা ও আগ্রহে সে দপ্তরে সভা অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিস এ কার্যক্রমের সভাপতি ও সমন্বয়কারির দায়িত্ব পালন করেন। বেতার ও টেলিভিশনের আগামী ৩ মাসের জন্য উপযোগী তথ্য প্রযুক্তি কৌশল সম্প্রচারিত হতে পারে সে ব্যাপারে কমিটি সিদ্ধান্ত দেয়। এটি কৃষি মন্ত্রণালয়ের পক্ষে সমন্বিত কৃষির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সবচেয়ে বড় বৈধকরণ (ভেলিডেশন) কমিটি। সরকার ঘোষিত পিপিপি’র আওতার এটি একটি কার্যকর ও ফলপ্রসূ ফোরাম।কৃষি উন্নয়ন ও সমৃদ্বিতে এ কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

