তানোর পৌরসভার নির্বাচনী ট্রাইবুনাল মামলা খারিজ
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রজশাহীর তানোর পৌরসভার নির্বাচনী ট্রাইবুনাল মামলা খারিজ করে দিয়েছে আদালত। বিগত ২০১৬ সালের জানুয়ারী মাসে দায়ের করা মামলাটি রাজশাহীর যুগ্ন জেলা জজ-১ আদালতের বিজ্ঞ বিচারক ২৩ মার্চ মামলাটি খারিজ করে দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় তানোর পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হককে ১৩ ভোটে পরাজিত করেন। ওই ফলাফল বাতিলের দাবীতে রাজশাহীর যুগ্ন জেলা জজ-১ এবং নির্বাচনী ট্রাইবুনালে মোকর্দ্দমা করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমরুল হক। যার নির্বাচনী মোকর্দ্দমা নম্বর-০১/১৬। এতে প্রতিপক্ষ করা হয় ১৩ ভোটে নির্বাচিত বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান মিজানকে।
মেয়র মিজানের এ্যাডভোকেট জমসেদ আলী জানান, নির্বাচনী ট্রাইবুনাল মামলাটির এজাহার দেশের প্রচলিত আইন সঙ্গত নয়। একারণে মামলার এহাজার প্রত্যাখানের দাবীতে আদালতে আবেদন করেন তিনি। তার আবেদন মুঞ্জুর করে দরখাস্তকারী ইমরুল হকের নির্বাচনী মোকর্দ্দমা নম্বর-০১/১৬ এর এজাহার প্রত্যাখান করে আদালত।

