চট্টগ্রামে ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করছে জঙ্গিরা
ডেস্ক নিউজ:
চট্টগ্রামে ছদ্মবেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে জঙ্গিরা। ফেরিওয়ালা থেকে শুরু করে কাপড় বিক্রেতা, ব্যবসায়ী, চাকরিজীবী, শরবত বিক্রেতা, বাদাম বিক্রেতা, রিকশাওয়ালা, গাড়ির হেলপার, পাগল, হকার ও মুচিসহ বিভিন্ন পেশার আড়ালে তারা সদস্য সংগ্রহ করছে। কৌশলে ইসলামের কথাবার্তা বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে।
শনিবার ২৫ মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘২৫ হাজার স্মৃতিস্মারক নিয়ে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর’ একটি প্রতিবেদনে তথ্য রয়েছে, ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলার সময় হাতেনাতে গ্রেফতার দু’জঙ্গি হাসান ও ইমতিয়াজ এবং ১৫ মার্চ সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা সাধন কুঠির থেকে গ্রেফতার জঙ্গি দম্পতি জহিরুল হক জসিম এবং তার স্ত্রী রাজিয়া বেগম ওরফে আরজিনা পুলিশকে এসব তথ্য দিয়েছে।
এ ছাড়া, এর আগে জেলা এবং নগর পুলিশের হাতে গ্রেফতার একাধিক জঙ্গি সদস্য ছদ্মবেশে ছড়িয়ে থেকে সদস্য সংগ্রহসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
সীতাকুণ্ডের সাধন কুঠির থেকে গ্রেফতার জঙ্গি জহিরুল হক জসিম নিজেকে কাপড় বিক্রেতা পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়। সে রিমান্ডে পুলিশকে বলেছে, সোহেল রানা নামে এক ব্যক্তি তাদের জঙ্গিপনায় উদ্বুদ্ধ করেছে। সোহেল রানা তাদের এলাকা বান্দরবানের বাইশারীতে কাপড় ফেরি করে বিক্রি করত। পরে পুলিশ জানতে পেরেছে সোহেল রানা নব্য জেএমবির ধর্মীয় গুরু। ৭ মার্চ কুমিল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার জঙ্গি সদস্য হাসান ছিল একজন পান বিক্রেতা।
গত বছর সীতাকুণ্ড থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটির) চার সদস্য গ্রেফতারের পর পুলিশকে বলেছে, তাদের সংগঠনের সদস্যরা ফেরিওয়ালা, চাকরিজীবী, শরবত বিক্রেতা, বাদাম বিক্রেতা, হকারসহ নানা ছদ্মবেশে এলাকায় ঘুরে মানুষকে জঙ্গিপনায় উদ্বুদ্ধ করছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন পত্রিকাটিকে বলেন, সীতাকুণ্ডের পশ্চিম আমিরাবাদের সাধন কুঠির থেকে যে জঙ্গি দম্পতিকে (জসিম ও আরজিনা) গ্রেফতার করা হয়েছে তারা কাপড়ের ব্যবসা করার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছে। শুধু তাই নয়, এ পর্যন্ত যেসব জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই ছদ্মবেশে ছিল। তিনি আরও বলেন, হকার, মুচি, গাড়ির হেলপার, পাগল বেশে থাকার কারণে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।
তথ্য- দৈনিক যুগান্তর

