বিপথগামীদের সৎ পথে ফিরে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
বিপথগামীদের সৎ পথে ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে।

২৬ মার্চ রোববার সকালে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এ আহ্বান জানান।

জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদকে কঠোর হস্তে দমন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলেছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আজ যারা বিপথে যাচ্ছে তারা যেন সৎ পথে ফিরে আসে।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোররা বাবা-মায়ের কথা শুনবে, অভিভাবক-শিক্ষকের কথা শুনবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকে জড়াবে না। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামী দিনের মন্ত্রী, প্রধানমন্ত্রী। সুতরাং নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমারা স্বাধীনতা পেয়েছি, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।

স্বাধীনতা দিবস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। তার ডাকে সাড়া দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়।

প্রধানমন্ত্রীর ভাষণের পর রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •