আমি আপনার চোখ তুলে ফেলব: শিক্ষিকাকে ছাত্রলীগকর্মী
নিজস্ব প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষা চলার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হলে দুই বহিরাগত ছাত্রলীগ কর্মীকে ঢুকতে বাধা দেয়ায় এক শিক্ষিকার চোখ তুলে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওই হুমকি দিয়েই থেমে থাকেননি, শিক্ষিকাকে ছুরিকাঘাতও করেছেন দুই ছাত্রলীগ কর্মী।
ছাত্রলীগের ওই দুই কর্মীর একজন হলেন দেলোয়ার হোসেন টিপু। তিনি গফরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। অন্যজনের নাম হৃদয়। তিনি স্থানীয় ছাত্রলীগের সদস্য।
আহত শিক্ষিকা ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী।
১০ এপ্রিল সোমবার কলেজ ক্যাম্পাসের ডরমেটরির সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষিকা বাদী হয়ে রাতেই গফরগাঁও থানায় মামলা করার পর রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালে গফরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে টিপু ও হৃদয় পরীক্ষার হলে ঢুকতে যান। এসময় দায়িত্বে নিয়োজিত কলেজের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী তাদের বাধা দেন। এতে ওই দুজন তার সঙ্গে অশোভন আচরণ করেন।
এই ঘটনার জেরে রাত নয়টার দিকে কলেজ ডরমেটরির সামনে টিপু, হৃদয়সহ আরও কয়েকজন পথ আটকে দাঁড়ান ও ছুরিকাঘাত করেন।
কাজী জাকিয়া ফেরদৌসী বলেন, রাতে যুবকটি বারবার জিজ্ঞেস করছিল আমি তাকে চিনতে পারছি কিনা। আমি না উত্তর দেওয়ায় ওই যুবক বলে, ‘আমার চোখের দিকে তাকান, তাকালেই চিনবেন’। আমি ভালো করে দেখি ওই যুবক সকালে আমার সঙ্গে বাকবিতণ্ডা করেছে। পরে জেনেছি ওর নাম টিপু। ওই যুবকসহ আরও এক যুবক এসে আমাকে ঘিরে ধরে। ওই যুবক ছুরি বের করে বলে, ‘সকালে আমাকে চোখ রাঙিয়েছেন এখন আমি আপনার চোখ তুলে ফেলব।’ তখন দেখি আশপাশের গলি থেকে আরো কয়েকজন যুবক বেরিয়ে আমাকে ঘিরে ফেলে। তখন আমি বলি, তোমরা ভেতরে আসো। স্যার আছেন (অধ্যক্ষ), কথা বলি।
কিন্তু টিপু উত্তেজিত হয়ে বলে, ‘তোকে এখানেই ফেলব।’ এই বলে আরেকটি ছুরি বের করে। তখন আমি ওকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যাই। এরপর টিপুসহ আরেক যুবক আমার হাত ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকে। তখন আমার জামা ছিঁড়ে যায়। তখন ওই যুবকদের একজন বলে, ‘শোয়াই ফেল, এখানেই ফেলব। যা নিয়ে আসছিস বের কর।’ এই বলে তারা ছুরি বের করে। তখন আমি চিৎকার করে তাদের ধাক্কা মেরে ভেতরে ঢুকে যাই। এ সময় ছুরিকাঘাতে আমার বাম হাত কেটে যায়।’
এ সময় জাকিয়ার এক সহকর্মী এবং অধ্যক্ষ অধ্যাপক মো. আমীর হোসেন বাইরে এলে সবাই মোটরসাইকেলে করে চলে যায়।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আমীর হোসেন বলেন, রাত নয়টার দিকে বাণিজ্যমেলা থেকে ফেরার পথে শিক্ষিকা জাকিয়া ফেরদৌসীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা জাকিয়াকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
আমীর হোসেন দাবি করেন, সকালে পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে যে বহিরাগতরা কলেজে ঢুকেছিল, তারাই রাতে শিক্ষিকার ওপর হামলা করেছে।
এ ব্যাপারে জানতে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, রাতেই এ ব্যাপারে একটি মামলা হয়েছে। রাত দেড়টার দিকে অভিযুক্ত হৃদয় ও টিপুকে গ্রেফতার করা হয়েছে এবং সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

