অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত এমপি রানা
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান রানা।
১৩ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এর আগে গত ৩০ মার্চ এমপি রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে আবারও হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইলের শহরের কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে দুই আসামি গ্রেফতারের স্বীকারোক্তিতে এমপি রানা ও তার ভাইদের এই ঘটনায় সম্পৃক্ততা বেরিয়ে আসে। পরে গ্রেফতার হয়ে কারাগারে যান টাঙ্গাইলের এই এমপি।

