তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যানারে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি সর্ম্পকে সম্মূখ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাতিনুর রহমান, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলাম, সচেতন জাস্টিস ফর অল রাজশাহীর প্রোগ্রাম অফিসার রুমানা শারমিন, তানোসপরির সভাপতি কবি অসিম সরকার, তানোর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মুহা: শওকাত আলী বলেন, একটি সুখী-সমৃদ্ধ, শোষণ-বঞ্চনামুক্ত দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণীত করেছে।
তিনি বলেন, আইনি সহায়তা কার্যক্রমকে গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আওতায় প্রত্যেক জেলায় লিগ্যাল এইড অফিস ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি স্থাপনসহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চৌকি আদালত এবং শ্রম আদালতে লিগ্যাল এইডের কার্যক্রম চালু করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসসমূহে একজন করে সিনিয়র সহকারী জজ/সহকারী জজ পদমর্যাদার অফিসারকে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি। মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, সরকারি আইনি সেবা প্রদান আরও বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে ইতোমধ্যে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ চালু করেছে। এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারছেন।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসকে কেন্দ্র করে ও গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গত বৃহস্পতিবার বিকেলে একই স্থানে অনুষ্ঠিত প্রথমবারের মতো তানোরে কাবাডি (হাডুডু) খেলায় অংশগ্রহণকারী কাবাডি দল ও খেলা পরিচালনাকারী সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

