চাঁপাইনবাবগঞ্জে ফের ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা চারটি বাড়িতে অভিযান শেষ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে অস্ত্র, বিস্ফোরক, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

২৪ মে বুধবার বেলা সোয়া ১১টায় অভিযান শেষ করে র‍্যাব। আটককৃত তিন ব্যক্তি হলেন, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম শিমুলতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবদুস শুকুর (৩৩), চকপুস্তম এলাকার টুনু মোড়লের ছেলে সাইফুল আলম (৪৩) ও বালুগ্রাম রাজারামপুর মহল্লার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।

অভিযান শেষে র‌্যাব-৫-এর অধিনায়ক কর্নেল মাহবুব আলম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৪ মে বুধবার) ভোররাত সাড়ে চারটার দিকে গোমস্তাপুর বাজার এলাকা থেকে তিন কেজি গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলিসহ আটক করা হয় আবদুস শুকুর, সাইফুল আলম ও জাহাঙ্গীর আলমকে।

কর্নেল মাহবুব আরও বলেন, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বালুগ্রাম শিমুলতলা গ্রামের আবদুস শুকুরের বাড়ি, চকপুস্তম এলাকার এজাবুল হকের বাড়ি, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়ি ও আলী সাহাপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় চানপাড়া গ্রামের আবদুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তিনি বলেন, পরে বালুগ্রামে গ্রেফতার জঙ্গিদের প্রধান আবদুস শুকুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, একটি খেলনা পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অস্ত্র, বিস্ফোরকসহ আটক হওয়া তিনজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: