রাসিকের ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহী প্রতিনিধি:
আয় ও ব্যায় সমান রেখে ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই বাজেট উপস্থাপন করেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এর আগে দুপুরে রাসিকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র বুলবুল। ওই সভায় বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে তা সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

এবারের বাজেটে রাসিকের আয়তন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানের ৯৬ দশমিক ৭২ বর্গ কিলোমিটারের আয়তন বৃদ্ধি করে আসছে অর্থবছরে ৩৫০ বর্গ কিলোমিটার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেটে বকেয়া গৃহকর পরিশোধের জন্য নগরবাসীকে উৎসাহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মেয়র বুলবুল জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরে রাসিকের প্রস্তাবিত বাজেট ছিল ৩৯৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৮০৮ টাকা। এটি সংশোধন হয়ে ২৩১ কোটি ৬৭ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। ওই অর্থবছরের ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আসছে অর্থবছর শুরুর আগে আরও ১৫ শতাংশ বাস্তবায়নের জন্য বর্তমান পরিষদ কাজ করছে।

তিনি বলেন, আগের বছরের বাজেটের চেয়ে এবারের বাজেটের পরিধি বেড়েছে ৪০ শতাংশ। বর্তমান পরিষদ যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তা অব্যাহত থাকলে এবং আগের মতোই সরকারের সহযোগিতা থাকলে এই বাজেটের পূর্ণ বাস্তবায়ন সম্ভব। এই বাজেট দিয়েই সম্ভব ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, এডুকেশন সিটি ও স্মার্ট সিটি নির্মাণ।

মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি একটি প্রস্তাবিত বাজেট ও একটি সম্পুরক বাজেট ঘোষণা করেছিলেন। এরপর তিনি ক্ষমতার বাইরে ছিলেন ২২ মাস। এটি তার শেষ বাজেট। তাই এ বাজেটে কোনো কর বৃদ্ধি করা হয়নি, বরং বৃদ্ধি করা হয়েছে নাগরিক সেবা। এ বাজেটে নগরীর সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। নগরীর উন্নয়নও ত্বরাণিত হবে।

সংবাদ সম্মেলনে রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযব, প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম ও সচিব খন্দকার মাহবুবুর রহমানসহ অন্যান্য কাউন্সিলর, অর্থ কমিটির পরামর্শক, সনাকের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: