দেশের শীর্ষ এনজিও ‘ব্র্যাক’
নিজস্ব প্রতিবেদক:
আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে দেশব্যাপি হাতে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। ঋণ বিতরণ ও নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করায়, দেশের শীর্ষ এনজিও’র তালিকায় নাম লিখিয়েছে ব্র্যাক।
২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সংস্থাটি ঋণ বিতরণ করেছে ১ লাখ ৪০ হাজার ৪০২ কোটি টাকা। সুবিধাভোগীর সংখ্যা ৫৯ লাখ ৫৭ হাজার ৯৫১ জন। যাদের ৮৭ শতাংশই নারী। আর সুবিধাভোগীর মধ্যে পুরুষের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ৭৪৫ জন।
অর্থনৈতিক সমীক্ষা সূত্র জানায়, ১৯৭৮ সনে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫৭ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে এনজিও সংস্থা আশা’র নাম। ২০১৫-১৬ অর্থ বছরে ৭৪ লাখ উপকারভোগীর মাঝে ২০ হাজার ৯০৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। আশা’য় সুবিধাভোগী মহিলা’র সংখ্যা ৭ লাখ ১৩ হাজার জন।
এনজিও কর্মকাণ্ডে তৃতীয় অবস্থানে রয়েছে কারিতাস’র নাম। এই এনজিওটি ২৬টি জেলায় ৬২টি উপজেলায় কর্মকাণ্ড পরিচালনা করে। ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত পুঞ্জিভূত ঋণ বিতরণের পরিমাণ ৩ হাজার ৫২ কোটি টাকা। এতে উপকারভোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৪১১ জন।
তারপরই এসেছে এনজিও সংস্থা টিএমএসএস’র নাম। দেশের ৬৩টি জেলায় ৩১১ উপজেলায় কর্মকাণ্ড পরিচালনা করে টিএএসএস। ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত ঋণ বিতরণের পরিমাণ ১ হাজার ৬৭৭ কোটি টাকা। উপকারভোগীর সংখ্যা ৫২ লাখ ৬৫ হাজার ৫২২ জন।
ব্যুরো বাংলাদেশ এ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ১৬ হাজার ১৮০ কোটি টাকা। এই এনজিও দেশের ৪২৪টি উপজেলা জুড়ে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
গ্রামাঞ্চলে দরিদ্র মহিলাদের ভাগ্য বদলে কাজ করছে গ্রামীণ ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংক এ পর্যন্ত বিতরণ করেছে ১ লাখ ৪৫ হাজার ৪৩৭ কোটি টাকা। বিতরণকৃত অর্থের মধ্যে আদায় হয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৫৮ কোটি টাকা। ফেব্রুয়ারী, ২০১৭ পর্যন্ত ২ হাজার ৫৬৭টি শাখার মাধ্যমে সারাদেশে ৮১ হাজার ৩৯৬টি গ্রামে ৮৯ লাখ সদস্যের মধ্যে কার্যক্রম পচিালনা করছে গ্রামীণ ব্যাংক।

