লালমনিরহাটে কমিটির বাতিলের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে সদর উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বাতিল ও কার্যক্রম স্থগিতের দাবীতে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্বার্থসংরক্ষণ কমিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলার প্রানকেন্দ্র মিশন মোড় চত্বরে শতাধিক বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুজ্জামানের নেতৃত্বে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব কৃষ্ণ গোপালের সভাপতিত্বে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তালেব, ফয়েজ উদ্দিন ও মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের পুত্র ফারুক আহম্মেদসহ সাধারণ মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সকল সদস্যের যোগসাজশে জামুকা ও মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। ইচ্ছামতো ব্যক্তি আক্রোশে অভিযোগ উত্থাপন করে তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেয়া হয়। এটার কোনো ভিত্তি নাই। অথচ জেলা কমান্ডার মেজবাহ উদ্দিন নিজেই একজন বাতিল (গ) তালিকার মুক্তিযোদ্ধা। তিনিই নাকি আবার যাচাই-বাছাই তালিকার প্রধান।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর সনদপ্রাপ্ত, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সনদপ্রাপ্ত, ও গেজেটধারী ভাতাপ্রাপ্ত প্রকৃত ২০৪ জন মুক্তিযোদ্ধাকে অবমূল্যায়ন করে বাতিল তালিকায় (গ) অন্তর্ভুক্ত করে জামুকায় প্রেরণ করা হয়েছে। অথচ অনলাইনে জামায়াত-শিবিরের যারা আবেদন করেছে তাদের ২১৮ জনকে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রকৃত মুক্তিযোদ্ধা (ক) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তারা বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাতিলের প্রতিবাদে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক গং এর সহযোগী ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রধান জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মেজবাহ উদ্দিনের গ্রেফতারের দাবী জানান। সেই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বাতিল ও কার্যক্রম স্থগিতাদেশের দাবী জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই মেজবাহ উদ্দিনের অবৈধ কার্যক্রমের প্রতিবাদে সাধারণ জনগণ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলো।

  •  
  •  
  •  
  •  

Tags: