মেয়র মান্নানের বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে তৃতীয়বারের মত সাময়িক বরখাস্তের আদেশ আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে তার পদে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। একইসঙ্গে মেয়র মান্নানের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, রোববার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তৃতীয়বারের মত সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী আবু হানিফ এই রিট আবেদন করেন।

আবেদনটিতে মান্নানের সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং পুনরায় দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থার বিষয় তুলে ধরা হয়েছিলো।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ৬ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।২০১৩ সালে প্রথমবারের মতো নির্বোচনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন বিএনপির এই নেতা। পরবর্তীতে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথম বরখাস্ত করেছিলো স্থানীয় সরকার বিভাগ।

এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান। কিন্তু এর পরপরই আরও একটি মামলার অভিযোগপত্র গৃহীত হলে ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই আদেশেরও বিরুদ্ধেও আইনি লড়াই করেন মান্নান। গত ১৮ জুন পুনরায় পদ ফিরে পান তিনি। কিন্তু এর কয়েকদিনের মধ্যে দুর্নীতির মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ফের তাকে তৃতীয়বারের মতো বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে আদালতের স্থগিতাদেশের পর তার স্বপদে ফিরতে আর কোনো বাধা রইলোনা।

  •  
  •  
  •  
  •  

Tags: