ইউএনও’র বিরুদ্ধে মামলা করায় সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বরিশাল প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে করা মামলার বাদী অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধুর একটি ছবি ব্যবহার করেন তারিক সালমান। আমন্ত্রণপত্রে ব্যবহৃত ছবিটিতে বঙ্গবন্ধুকে বিকৃত করা হয়েছে, এ অভিযোগে বরিশালে আওয়ামী লীগের নেতা ওবায়েদ উল্লাহ সাজু ৭ জুন আদালতে মামলাটি করেন। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার ইউএনও।

মামলার শুনানিতে বরিশালের মুখ্য মহানগর হাকিমের আদালত প্রথমে ওই নির্বাহী কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। গত বুধবার এই নির্দেশ দেয়ার দুই ঘণ্টা পর আদালত তাকে জামিন দেয়।

  •  
  •  
  •  
  •