বন্যার্তদের জন্য এক দিনের বেতন দিচ্ছেন বাকৃবি শিক্ষকরা

বাকৃবি নিউজ:

বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী  নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,  সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসেবে বীজ, সবজির চারা, ধানের চারা, খাদ্য (চাল, চিড়া , চিনি, আলু), গবাদি পশুর খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ওষুধ ইত্যাদি সামগ্রী সরাসরি  দেওয়া হবে।

এ ছাড়া  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরাও নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তা চালিয়ে যাচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: