না ফেরার দেশে চলে গেলেন নিসর্গবিদ দ্বিজেন শর্মা
নিউজ ডেস্কঃ
বরেণ্য নিসর্গবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন দ্বিজেন শর্মা। গত ২৩ জুলাই রোববার তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে ২৯ জুলাই শনিবার দ্বিজেন শর্মাকে বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ১০ আগস্ট বৃহস্পতিবার দ্বিজেন শর্মাকে কেবিনে স্থানান্তর করা হয়।
কিন্তু আবারও অবস্থার অবনতি হলে ১৮ আগস্ট থেকে বারডেম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাকে। গত ১৩ সেপ্টেম্বর বুধবার তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল৷
১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ নিসর্গবিদ দ্বিজেন শর্মা। উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি করেছেন করিমগঞ্জ কলেজ, বিএম কলেজ ও নটরডেম কলেজে।
প্রকৃতি ও গাছগাছালির প্রতি ভালোবাসা ও লেখালেখির কারণে দ্বিজেন শর্মাকে ‘নিসর্গসখা’ হিসেবে অভিহিত করা হয়। বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

