নাটোরে এক মঞ্চে পৌর মেয়রপ্রার্থীরা
নাটোর প্রতিনিধি:
‘চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পৌরসভা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি ও জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত উমা চৌধুরী জলি, জাতীয় পার্টি মনোনিত আব্দুল মান্নাফ ও ওয়ার্কাস পার্টি মনোনিত মাহবুবুর রহমান অংশ নেন।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, টেকসই উন্নয়ন, দূর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ ও প্রার্থী নির্বাচনের কোন বিকল্প নেই। আর সেজন্য প্রয়োজন জনগণের সচেতনতা, সক্রিয় ভূমিকা এবং সঠিক প্রার্থী নির্বাচন। সেই সঠিক প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে সনাক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত মেয়র প্রার্থীরা পৌরসভার উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে তারা বিভিন্ন সমস্যা নিয়ে ভোটারদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য পরিতোষ অধিকারী, রফিকুল ইসলাম নান্টু, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসান আলী প্রমুখ। উল্লেখ্য বিএনপি মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।

