শাহজালালে পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্কঃ

শাহাজালাল বিমানবন্দরে রিয়াদ ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম সিদ্দিক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। পাসপোর্ট নম্বর: বিএম০৫১৪৪৪০৩১।
শুল্ক গোয়েন্দা জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এসভি৮০৪ ফ্লাইটযোগে শাহাজালালে অবতরণ করেন ওই যাত্রী।
সেখানে ওঁত পেতে থাকা শুল্ক গোয়েন্দার দল ৮নং বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা কালো পার্স ব্যাগটি স্ক্যান করে স্বর্ণের বারের অস্তিত্ব নিশ্চিত হন গোয়েন্দারা।
পরে কাস্টমস হলে নিয়ে ব্যাগটি খুলে স্বর্ণের বারগুলো বের করা হয়। তিনি কালো রঙের পার্সের ভেতরে লুকিয়ে ১০ তোলার ২৮টি এবং পাঁচ তোলার তিনটি স্বর্ণবারে প্রায় তিন কেজি ৪৩০ গ্রাম স্বর্ণ বহন করছিলেন।
প্যাকেট থেকে পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়। সব মিলিয়ে তিন কেজি ৪৬৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
বারগুলোর মূল্য আনুমানিক এক কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা। অলঙ্কারের মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, বিমানের এক ব্যক্তি এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজের ভেতর তাকে ফোন করে বারগুলো নিয়ে নিত।
তিনি আরো জানান, হাসান নামে এক ব্যক্তি রিয়াদ থেকে বারগুলো দিয়েছে বিমানের জনৈক ব্যক্তিকে দেয়ার জন্য।
যাত্রী রিয়াদের মাজরায় ফলের বাগানে দীর্ঘ ১৬ বছর ধরে চাকরি করতেন। এ বছর তিনি দুইবার আসা যাওয়া করেছেন।
তার কাছে আরো ১৫টি ডাইক্লোরোফেনাক অ্যাম্পুল পাওয়া যায়।
আটক যাত্রী জানান, বারগুলো দিতে পারলে তিনি কিছু টাকা পেতেন। তবে কত পেতেন বলতে পারেননি।
হাসানের বাড়ি বাঞ্ছারামপুরে মরিচায়।
হাসান রিয়াদে ব্যবসা করেন এবং বিভিন্ন জনের কাছে স্বর্ণের বার দেন দেশে নিয়ে আসার জন্য।
জব্দ স্বর্ণ ঢাকা কাস্টমস হাউজের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।

  •  
  •  
  •  
  •