মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার দুপুরে নগরীর রিমা কনভেনশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন চার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুধীর দাস, দীপংকর রাহুল দাস, আশিস বড়ুয়া, রীবন দাস, উজ্জ্বল চৌধুরী, প্রদীপ তালুকদার, ঝন্টু দাস, কৃষ্ণপদ দাস ও লিটন দেব।
গত শুক্রবার মারা যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার কুলখানি উপলক্ষে সোমবার নগরীর বিভিন্ন জায়গায় লাখখানেক লোকের মেজবানির আয়োজন করা হয়। রিমা কনভেনশন সেন্টারে মূলত
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মেজবানির আয়োজন ছিল। সেখানে প্রচণ্ড ভীড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের নেতারা হাসপাতালে ভীড় করেছেন। নগরীর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়া চেষ্টা করে যাচ্ছে।

