২ সেনা সদস্য গ্রেফতার ৫০ হাজার ইয়াবাসহ
নিউজ ডেস্ক:
চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে শাহ আমানত সেতুর কাছে মইজ্জ্যার টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত।
রোববার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মুস্তফা।
তিনি বলেন, ঐ দুইজন কক্সবাজার এলাকা থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিল। মইজ্জ্যার টেক এলাকায় এসে তারা একটি গাড়ি থেকে নেমে আরেকটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন তাদের হাতে বড় একটা ব্যাগ ছিল, যা দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে। এরপর তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর দুইজনকে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সৈয়দুল মুস্তফা।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সেনাবাহিনী।

