যশোর রোডের শতবর্ষী গাছ কাটা হাইকোর্টে স্থগিত

যশোর প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের শতবর্ষী গাছ কাটার ওপর ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, ‘সংবিধানের ১৮(ক) তে বলা আছে, ‘সরকার বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ ছাড়া শতবর্ষী গাছগুলো দেশের ঐতিহ্য। আমরা এ গাছগুলো কাটার সিন্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আবেদনে উল্লেখ করেছি। এখন আদেশের ফলে এই মুহুর্তে গাছগুলো কাটা যাবে না।’

আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের সংগঠন।

রিটে পরিবেশ সচিব, সড়ক ও পরিবহন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি),খুলনার জেলা প্রশাসক (ডিসি), যশোরের পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সড়ক প্রশস্ত করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঐতিহ্যবাহী এসব গাছ রক্ষায় সরব হয়ে উঠেছে দেশের সচেতন মহল ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে ১৪ জানুয়ারি রোববার এই গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহ।

  •  
  •  
  •  
  •  

Tags: