গাইবান্ধায় জামাইয়ের অটোবাইকে ওড়না পেঁচিয়ে শাশুড়ির মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জামাইয়ের ব্যাটারীচালিত অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আয়শা বেগম ওরফে সাদা রাণী (৫৫) নামে এক শাশুড়ির মৃত্যু হয়েছে। সাদুল্যাপুর-তুলশীঘাট সড়কের সাদুল্যাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ীর ইট ভাটা এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদা রাণী জেলার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানী সাদেকপুর গ্রামের মো. আবদুর রাজ্জাক ওরফে সাদা মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাদা রাণী বদলাগাড়ী গ্রামে তার জামাই তোতা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তোতা মিয়ার তার ব্যাটারী চালিত অটোবাইকে করে শাশুড়ি ও ছোট শ্যালিকা নিয়ে শশুর বাড়ি নয়ানী সাদেকপুরে যাচ্ছিলেন। অটোবাইকটি বদলাগাড়ী এলাকায় পৌছিলে সাদা রাণীর শাড়ীর উপরে থাকা ওড়না চাকার সাথে পেঁচিয়ে গলা কেটে যায়। পরে সাদা রাণীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

