সাদুল্যাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে সোমবার দুপুরে আলুর জমিতে পানি নেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. জহুরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জহুরুল ইসলাম ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জহুরুল ইসলাম সোমবার দুপুরে নিজ বাড়ির পাশে তার আলুর জমিতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিচ্ছিলেন। পানি নেওয়ার এক পর্যায়ে তিনি হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

