এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগে নতুন মুখের হাসি

বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। অক্টোবর মাসের মাঝামাঝির মধ্যে চূড়ান্ত হওয়ার কথা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা। ফলে দলের নীতিনির্ধারক ও নির্বাচনী এলাকার মানুষের মন জয়ে দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। তাঁদের মধ্যে প্রায় অর্ধশত তরুণ নেতা মনোনয়ন পেতে পারেন।

নৌকার জয় নিশ্চিত করতে বিভিন্ন আসনে বিতর্কিত, ব্যর্থ সংসদ সদস্যদের বদলে তরুণ পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন মুখ ভোটারদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই মধ্যে অন্তত দেড় ডজন তরুণ নেতাকে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরো কয়েক ডজন নেতা জোরালো বিবেচনায় আছেন। দলটির নির্বাচন মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।

মনোনয়ন বোর্ডের একাধিক নেতা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে বিভিন্ন আসনের সংসদ সদস্যদের আমলনামা রয়েছে। তিনি একাধিক সূত্র থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করেছেন। প্রাপ্ত তথ্যে বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে নেতিবাচক নানা বিষয় উঠে এসেছে। এসব আসনে জয় পেতে প্রার্থী পরিবর্তন করা হবে।

এ ক্ষেত্রে জয়ের সম্ভাবনা আছে এমন তরুণ আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক ছাত্রলীগ নেতা এবং ব্যবসায়ী নেতাদের প্রার্থী করবে আওয়ামী লীগ। তবে বেশি সংখ্যায় তরুণ প্রার্থীর মনোনয়নপ্রাপ্তি নির্ভর করবে বিএনপি নির্বাচনে আসবে কি না তার ওপর। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টির সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে না আওয়ামী লীগ। তখন বেশ কয়েকটি আসনে তরুণ প্রার্থীর মনোনয়ন নিশ্চিত হবে।

তরুণ নেতাদের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আগামী নির্বাচনে অনেক তরুণ নেতারই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকবে। নানা কারণে বাদ পড়বেন এমন সংসদ সদস্যদের আসনে তরুণদের মূল্যায়ন করা হবে।’

সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবার অনেক তরুণ নেতারই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চাচ্ছেন বিভিন্ন পেশার তরুণ যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে। ফলে অনেক নতুন মুখ দেখা যাবে আমাদের প্রার্থী তালিকায়।

  •  
  •  
  •  
  •  

Tags: