কুড়িগ্রামের উলিপুর পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন শুরু হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। সকালের ঠান্ডা উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
এ পৌরসভায় ৩০ ডিসেস্বরের নির্বাচনে নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় কেন্দ্র দুটিতে ভোট গ্রহন স্থগিত করে প্রিজাইডিং অফিসার।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ ও নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবি ও র্যাব কাজ করছে। স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা ৩৮৯৮ জন। এ দুটি কেন্দ্রে মেয়র প্রার্থী ৬ জন, সাধারন কাউন্সিলর প্রার্থী ৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭জন।
উলিপুর পৌরসভায় ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৭৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়েছেন ৫৫৮৮ ভোট। এ দুই মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান ২১৭৯ ভোট।

