নাটোরে শ্রমিক নেতাকে মারপিট, প্রতিবাদে সড়ক অবরোধ: আটক ৪

নাটোর প্রতিনিধি:
নাটোরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাদল প্রামাণিককে মারপিট করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে শ্রমিক নেতা বাদলসহ ৪জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক নেতা বাদলকে মারপিট করে আহত করে দূর্বৃত্তরা। এ ঘটনায় শ্রমিকরা শহরের কান্দিভিটা এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের বটতলা মোড়ে রাস্তা অবরোধ করে। এ সময় সকল যানবাহন বিকল্প রাস্তায় শহরের মধ্যে দিয়ে চলাচল করায় শহরে হালকা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে আহত শ্রমিক নেতা বাদল, আনোয়ার, রাজিব ও সোহেলকে আটক করে থানায় নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

  •  
  •  
  •  
  •